শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে প্লাবন
দুই দিনের বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ছয়টি ইউনিয়নের অন্তত ‘২০টি গ্রামের’ নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে মহারশী নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থান ভেঙে যায়। এতে নদীর দুকূল উপচে ঢলের পানি প্রবল বেগে নিম্নাঞ্চলে প্রবেশ করে আকস্মিক বন্যার সৃষ্টি হয়।
এখনও ঢলের পানি প্রবল বেগে নিম্নাঞ্চলে প্রবেশ করা অব্যাহত থাকায় প্রতিমুহূর্তে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গ্রামীণ রাস্তাঘাট ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেক বাড়িঘরেও পানি প্রবেশ করেছে। অনেক পুকুরের মাছ ভেসে গেছে। বিভিন্ন এলাকার অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার জানান, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে গৌরীপুর ইউনিয়ন ছাড়া বাকি ছয়টি ইউনিয়নেই ঢলের পানি প্রবেশ করেছে। ঢলের পানিতে আউশ ধানের ৩ হেক্টর জমির ধান সম্পূর্ণ এবং ২৩ হেক্টর আংশিক নিমজ্জিত হয়েছে। একই সঙ্গে সবজির ক্ষেত ৬ হেক্টর সম্পূর্ণ এবং ২২ হেক্টর আংশিক ঢলের পানিতে নিমজ্জিত হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, সকাল থেকে পাহাড়ি ঢলের পানি আসতে শুরু করেছে। উপজেলা পরিষদে পানি ওঠায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে।
শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার বৃহস্পতিবার বিকালে ঝিনাইগাতীর আকস্মিক বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।
