‘ঝড়ি হইলে ছাপড়া দিয়া গায়োত পানি পড়ে’
দুই শতক জমির উপর জরাজীর্ণ ঝুপড়ি ঘরের ভেতর বাঁশের ফালি দিয়ে মাচা তৈরি করে রাত কাটায় নুরভানুর পরিবার। একদিকে চাটাই, আরেকদিকে পুরাতন কাপড় টানিয়ে বেড়া তৈরি করা হয়েছে।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ক্বারীপাড়া গ্রামের নুরভানুর পরিবারের সদস্যরা এই ঘরে দিন যাপন করেন। ঝড়-বৃষ্টি এলে তারা আতঙ্কে থাকেন – কখন ঘরখানা ভেঙে যায়।
প্রশাসনের নানা জায়গায় ধর্না দিয়েও ঘর জোটেনি এই দরিদ্র পরিবারের।
প্রশাসন বলছে, তাদের ভূমি থাকায় আইন অনুযায়ী ঘর দেওয়া সম্ভব নয়। তবে ঘর নির্মাণে সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
নুরভানু বেগমের স্বামী হোটেল শ্রমিক মতিয়ার রহমান। কাজ করলে দুবেলা পেট পুরে খাবার জোটে। যেদিন কাজে যেতে পারেন না সেদিন কষ্টে কাটাতে হয়।
নুরভানু-মতিয়ারের দশ বছরের সংসারে একটি ছেলে আর একটি মেয়ে রয়েছে। তাদের ঠিকমতো খাবার ও কাপড়-চোপড় দিতে পারেন না বলে নুরভানুর ভাষ্য।
নুরভানু বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক আর্জি নিয়া চেয়ারম্যান-মেম্বারের কাছোত গেছলং। ওমরা খালি ঘুরায়। কাঁইয়ো হামার জন্যে কিছু করিল না। মানুষ কয় টেকা না দিলে কিছু হবার নয়। হামরাগুলা টাকা পামো কোনটে?”
হাবিবুর বলেন, “সরকার এত ঘর দিল, অথচ এই পরিবারটি কিছুই পেল না। একবার আমরা সবাই মিলে মেম্বার-চেয়ারম্যানের কাছে গেছলাম; কিন্তু টাকার জন্য তারা ঘর পেল না। ঘর নিতে হলে ৩০ হাজার টাকা ঘুস চেয়েছিল তারা। ফলে তাদের ভাগ্যে ঘর জোটেনি।”
নুরভানুর স্বামী মতিয়ার রহমান বলেন, “হামারগুলার সম্বল হইল দুই শতক জমিন। আগোত খড়ের ঘর আছিল। সেটা পচি গেইছে। পরে এলাকার লোকজন মিলি টিনের ছাপড়া ঘর করি দিছে। সেই ঝাপড়াও এলা যায় যায় অবস্থা। শীতোত বাতাস ঢোকে। ঝড়ি হইলে ছাপড়া দিয়া টুপ টুপ করি গায়োত পানি পরে।”
সরজমিনে নুরভানুর বাড়ি গিয়ে দেখা যায়, যে ঘরে নরভানুরা থাকেন সেটাকে ঘর বলা যায় না। দুই শতক জমির উপর জরাজীর্ণ ঝুপড়ি ঘরটির ভিতরে বাঁশের ফালি দিয়ে টং (মাচা) তৈরি করে সেখানে রাত কাটায় পরিবারটি। একদিকে চাটাই আর পিছন দিকে পুরাতন কাপড়ের আবরণ দিয়ে বেড়া বানানো হয়েছে। এভাবেই দীর্ঘদিন ধরে মানবেতরভাবে জীবনযাপন করছে পরিবারটি।
এ বিষয়ে হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া বলেন, “ঘরের চাহিদা দেওয়া হয়েছে। এবার বরাদ্দ পেলে নুরভানুর বিষয়টি দেখা হবে।”
ঘরের জন্য ঘুস চাওয়ার কথা তিনি অস্বীকার করেছেন।
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, “পরিবারটির নামে নিজস্ব জমি থাকায় ক্রাইটোরিয়া অনুয়ায়ী আশ্রয়ণের ঘর বরাদ্দ পাবেন না। তবে তাদেরকে ঘরের সামগ্রী দিয়ে সহায়তা করা যাবে।”
