ফেনীতে ট্রেনের নিচে রেল কর্মচারীর স্ত্রী নিহত
ফেনীতে ট্রেনে কাটা পড়ে রেলস্টেশনের এক পয়েন্টসম্যানের স্ত্রীর মৃত্যু হয়েছে।
নিহত আঁখি বেগম (২৫) জেলার মুহুরীগঞ্জ রেলস্টেশনে কর্মরত পয়েন্টসম্যান আবদুল কাদেরের স্ত্রী।
মুহুরীগঞ্জ স্টেশনে বুধবার দুপুরে তিনি মারা যান বলে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রাজেন্দ্র প্রসাদ দাস জানান।
এসআই প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, আঁখি রেললাইন পার হতে গিয়ে পা পিছলে পড়ে যান। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা ট্রেন চলে যায় তার ওপর দিয়ে। ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি।
স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই রাজেন্দ্র প্রসাদ দাস।
