২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুপুর বনাঞ্চলে বন বিভাগের লেক খনন বন্ধের দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে বন বিভাগের লেক খনন প্রকল্প বাতিলের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আবার বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রকল্পের ওই জমি গারোদের বলে দাবি করছেন তারা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2022, 07:04 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

‘সম্মলিতি আদবিাসী ছাত্র জনতা’র ব্যানারে বুধবার দুপুরে মধুপুর বনাঞ্চলের দোখলা এলাকায় অনুষ্ঠিত এ সমাবেশে গারোদের সঙ্গে স্থানীয় কোচরাও অংশগ্রহণ করেন।

মধুপুর বনের আমতলী বাইদ এলাকায় ৪৫ বিঘা জমিতে ১৩টি গারো পরিবার বংশপরম্পরায় চাষাবাদ করছে বলে গারোদের ভাষ্য।

বন বিভাগ এই জমিতে ‘স্থানীয় ও ক্ষুদ্র জনগোষ্ঠীর সহায়তায় মধুপুর জাতীয় উদ্যানের ইকো ট্যুরিজম উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের অধীন ৬০ লাখ টাকা ব্যয়ে লেক খননের উদ্যোগ নেয়। গত ২২ এপ্রিল বন বিভাগ ওই জমিতে সংরক্ষিত বনাঞ্চলের সাইনবোর্ড টাঙিয়ে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে।

বন বিভাগের দাবি, ওই জমি গারোদের নয়। তারা সেখানে লেক খনন প্রকল্প বাস্তবায়ন করবে। অন্যদিকে যে কোনো মূল্যে লেক খনন প্রকল্প প্রতিহত করার ঘোষণা দিয়েছেন স্থানীয়রা।

গত ২৫ এপ্রিল প্রথম বিক্ষোভ সমাবেশ করেন তারা। বুধবারের সমাবেশটি ওই কর্মসূচিরই ধারাবাহিকতায় আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) কেন্দ্রীয় সভাপতি জন জেত্রা বলেন, “এই জমিতে স্থানীয় গারো জাতিগোষ্ঠীর ১৩টি পরিবার বংশপরম্পরায় চাষাবাদ করে আসছে। জমিতে লেক খননের উদ্যোগের মধ্য দিয়ে বন বিভাগ গারোদের উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে। এটা জাতিসংঘের আদিবাসী ঘোষণাপত্র এবং আইএলও কনভেশনের লঙ্ঘন”

১৩ জন জমি মালিকের অন্যতম কৌশল্যা নকরেক বলেন, “এ জমি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ১৯৮২ সাল পর্যন্ত খাজনা দিয়েছি আমরা। এখানে তিন ফসল হয়। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ফসলের জমি খালি রাখা যাবে না। কিন্তু বনবিভাগ এখানে লেক খনন করতে এসেছে। আমরা এটা হতে দেব না।”

গারো স্টুডেন্ট ফেডারেশানের সাধারণ সম্পাদক লিয়াং রিছিলের সঞ্চালনায় সমাবেশে বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি ম্যাথিউ চিরান, আদবিাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে সংহতি প্রকাশ করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হেরিদ সাংমা, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসয়িশেন মধুপুর শাখার সহসভাপতি ভরত চন্দ্র বর্মণ, লেখক-গবেষক পরাগ রিছিল, শিল্পী সালাস মানখিন প্রমুখ।

গারোদের এ বিক্ষোভ সম্পর্কে জানতে চাওয়া হলে টাঙ্গাইল বিভাগীয় বন র্কমর্কতা মো. সাজ্জাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেখানে লেক খনন করা হবে সেখানে গারোদের কোনো জায়গা নেই। তারা বিরোধিতার জন্য বিরোধিতা করছেন শুধু।”