২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আম পরিবহনে বিশেষ ট্রেন ১৩ জুন থেকে

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম পরিবহনের জন্য বিশেষ ট্রেন ১৩ জুন থেকে চালু করছে রেলওয়ে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2022, 06:49 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি বছরের মতো এবারও কম খরচে আম পরিবহনের জন্য ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু করা হচ্ছে। ১৩ জুন থেকে এক জোড়া ট্রেন চালু হবে।

আম নিয়ে রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে ট্রেনটি ঢাকায় যাবে। আবার ঢাকা থেকে রাজশাহী হয়ে রহনপুর ফিরে আসবে। পশ্চিম রেলের এই বিশেষ ট্রেন শাক-সবজিসহ অন্যান্য ফলমূল ঢাকায় নিয়ে যাবে।

এর আগে এক ঘোষণায় ট্রেনটি মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে চালুর কথা জানিয়েছিল রেলওয়ে। কিন্তু সেসময় চালু করা যায়নি।  

অসীম কুমার বলেন, মূলত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পেতে দেরি এবং লোকবল সঙ্কটের কারণে ‘ম্যাংগো ট্রেন’ চালু হতে দেরি হচ্ছে। এ কারণেই ১৩ জুন থেকে চালু করতে হচ্ছে।

“রেলওয়ে কর্তৃপক্ষ আম ব্যবসার সঙ্গে জড়িতদের নিয়ে বসেছিল। সেখানে ব্যবসায়ীরা জুনের প্রথম সপ্তাহ থেকে ট্রেন চালুর কথা বলেছিলেন। কিন্তু আমরা পারিনি। এখন ১৩ তারিখ থেকে শুরু হচ্ছে।”

বিশেষ এই ট্রেনের সুবিধা সম্পর্কে রেলওয়ে জানায়, কাঁচা বা আধাপাকা আম যেন গরম ও অতিরিক্ত চাপে নষ্ট না হয়ে যায়, সে কারণে ধারণক্ষমতার কিছু কম পণ্য বহন করা হবে এবার।

কর্তৃপক্ষ আরও জানায়, গত বছর ২৫ মে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু হয়।

প্রতিদিন দুপুর ২টায় রহনপুর থেকে ছেড়ে যায়। তারপর মালামাল ভরে বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়ে। তারপর রাজশাহী হয়ে রাত ১টায় ট্রেনটি ঢাকায় পৌঁছায়।

আবার রাত ২টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রহনপুরে পৌঁছায় বেলা ১১টায়। পাঁচটি ওয়াগনে ঢাকায় যায় রাজশাহী অঞ্চলের আম।

প্রতিটি বগির ধারণক্ষমতা ৪৩ মেট্রিক টন হলেও আম বহন করা হয় ৩০ মেট্রিক টন। দেড়শ টনের মতো আম পরিবহন করা হবে। শুধু আম নয়, আমের সঙ্গে শাকসবজিসহ অন্যান্য ফলমূলও ট্রেনে পরিবহন হয় সেবার।

আরও পড়ুন:

আম পরিবহনে এবারও বিশেষ ট্রেন