গাইবান্ধায় ‘দেবরের’ লাঠির আঘাতে ভাবির মৃত্যু
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ‘দেবরের’ লাঠির আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
দক্ষিণ সাথালিয়া গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে সাঘাটা থানার ওসি মতিয়ার রহমান জানান।
নিহত নাজিরা বেগম (৫৫) ওই গ্রামের মো. নাদের আলী সরকারের স্ত্রী।
ওসি বলেন, পাশাপাশি ঘরে দুই ভাই লেবু সরকার ও নাদের আলী সরকার বসবাস করেন। মঙ্গলবার সকালে বৃষ্টির সময় নাদের আলীর ঘরের চাল বেয়ে পানি লেবু মিয়ার ঘরের চালে পড়া নিয়ে বাকবিতণ্ডা হয়।
“এক পর্যায়ে লেবু ও তার পরিবারের সদস্যরা লাঠি দিয়ে নাজিরা বেগমকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর লেবু সরকার পালিয়ে গেলেও তার স্ত্রী সোনাই বেগম ও পুত্রবধূ আঁখি বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
