২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে গাছে বাসের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2022, 12:18 AM

Updated : 25 Oct 2022, 10:43 AM

সোমবার রাত ৮টার দিকে দিনাজপুর সদর উপজেলার ব্যাঙকালী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে কোতোয়ালি থানার পরিদর্শক আসাদুজ্জামান জানান।

নিহতদের একজন হলেন পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া গ্রামের আব্দুর রহিম।

হতাহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে বলতে পারেনি পুলিশ।

পরিদর্শক আসাদুজ্জামান বলেন, পঞ্চগড় থেকে ঢাকাগামী আহসান পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে গেলে ৩০ জনের বেশি আহত হন।

খবর পেয়ে দিনাজপুর এবং সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তিনজন মারা যান।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ মিয়া জানান, হাসপাতালে আনার পরপরই দুইজন এবং রাত ১১টার দিকে দুই বছরের এক শিশু মারা যায়। আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।