শ্যালককে অপহরণ করে মুক্তিপণ দাবি: ১৪ বছরের কারাদণ্ড ভগ্নিপতির
ফেনীর দাগনভূঞায় যৌতুক না পেয়ে শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির এক মামলায় তার ভগ্নিপতি নুরুল আলম ভুট্টোকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ওসমান হায়দার ১৩ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত নুরুল আলম ভুট্টো (৪১) ফেনীর ছাগলনাইয়া উপজেলার বল্লভপুর গ্রামের লকিয়ত উল্যার ছেলে। রায় ঘোষণার পর রাতেই তাকে ফেনী কারাগারে পাঠনো হয়েছে।
প্রতীকী ছবি
মামলার বিবরণে বলা হয়, ২০০৯ সালের ১০ মার্চ ভুট্টোর সঙ্গে দাগনভূঞা উপজেলার গণিপুর গ্রামের মালেকা খাতুনের মেয়ে কোহিনুর বেগমের বিয়ে হয়। কিন্তু কোহিনুরকে তার শাশুড়ি মেনে নিতে অস্বীকৃতি জানায়।
এক পর্যায়ে ভুট্টো ও তার মা কোহিনুরের মায়ের কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এর জেরে কোহিনুরের স্কুল পড়ুয়া আট বছরের ভাই নুর নবী আরমানকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে ভুট্টো।
এ ঘটনায় কোহিনুরের মা বাদি হয়ে ওই বছরের ১৮ মার্চ দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে ভুট্টো ও তার ভাগনে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা দাগনভূঞা থানার তৎকালীন এসআই আনোয়ার হোসেন খান ওই বছরের ১৫ এপ্রিল ভুট্টো ও নাজিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই বছর ২৮ এপ্রিল মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাজিমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।
