২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পৃথক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় পৃথক দুটি হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2022, 09:41 PM

Updated : 02 Aug 2022, 01:42 PM

অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এবং রেজাউল করীম রোববার আসামিদের উপস্থিতিতে আলাদাভাবে দুটি রায় দেন।

উভয় রায়ে প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়; যা অনাদায়ে আরও এক বছর সাজাভোগ করতে হবে।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, জেলার মিরপুর ‍উপজেলায় মোটরসাইকেল চাপায় বন্ধুকে হত্যার দায়ে ইন্তাদুল হক (৩৪) ও রুহুল আমীন (৩৪) এবং দৌলতপুর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে হোচেন আলীকে (৫৩) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বরাতে জানা যায়, ২০১৩ সালের ২৫ জানুয়ারি দৌলতপুরের নারায়ণপুর দহকুলা গ্রামের আব্দুর রহিমের ছেলে ফিরোজকে (২৫) ইন্তাদুল ও রুহুল আমিন বাড়ি থেকে বেড়াতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে ওই দিন রাত ১১টার দিকে একটি মাইক্রোবাসে ফিরোজের লাশ তার বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়।

এ ঘটনায় হত্যার অভিযোগ এনে নিহত ফিরোজের বাবা দুই জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১৩ সালের ১৩ এপ্রিল মিরপুর থানার এএসআই ইকবাল হোসেন অভিযোগপত্র জমা দেন।

অপরদিকে, ২০১১ সালের ১৮ নভেম্বর রাতে পারিবারিক কলহের জেরে দৌলতপুরের দীঘলকান্দি পূর্বপাড়া গ্রামের হোচেন আলী তার স্ত্রী মরজিনা খাতুনকে (৩৭) গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মারজেল মণ্ডল বাদী হয়ে হোচেনকে আসামি করে হত্যা মামলা করেন।

পরে দৌলতপুর থানার এসআই আবুল কালাম ২০১২ সালের ১৬ এপ্রিল মামলাটির অভিযোগপত্র জমা দেন।

পিপি বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেককে পৃথকভাবে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত।