২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে ২ মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপভ্যানের চালকসহ দুইজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2022, 02:41 PM

Updated : 14 Jul 2022, 06:16 PM

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজেন্দ্রপুর-টোক সড়কের সাল্লারবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম জানান।

মৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলা সদর থানার হয়বত নগর গ্রামের মো. ঝিনুক মিয়ার ছেলে পিকআপ ভ্যানের চালক জিন্নাত আলী (২৭) ও কিশোরগঞ্জ জেলার সদর থানার সাতারপুর গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে যাত্রী দেলোয়ার হোসেন (২৬)।

এ ঘটনায় আহত বাসের তিন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি বলেন, “ঢাকামুখী অনন্যা পরিবহনের একটি বাসের সঙ্গে কিশোরগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জিন্নাতকে মৃত ঘোষণা করেন।

“পরে গুরুতর অবস্থায় দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।”

দুর্ঘটনাকবলিত বাস এবং পিকআপভ্যান উদ্ধার করে থানায় আনা হয়েছে। আর নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।