২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনের ধাক্কায় এনজিওকর্মীর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় কিস্তির টাকা তুলে ফেরার পথে ট্রেনের ধাক্কায় এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2022, 05:42 PM

Updated : 14 Jul 2022, 06:14 PM

পৌরসভার মূলগাঁও রেললাইনে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান বলে কালীগঞ্জ থানার এসআই মো. আমিনুল ইসলাম জানান।

নিহত আকলিমা খাতুন (৩২) সিরাজগঞ্জের শাহাজাদপুরের ভায়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

আকলিমা নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় ‘সেবা’ নামের একটি বেসরকারি সংস্থার মাঠকর্মী।

মো. মাসুদুল হক নামে সেবার একজন কর্মকর্তা জানান, ভোরে আকলিমা গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা সংগ্রহের জন্য ঘোড়াশালের অফিস থেকে গাজীপুরের মূলগাঁও এলাকায় যান। ঋণের কিস্তি সংগ্রহ করে ঘোড়াশালের অফিসে ফিরছিলেন তিনি। মূলগাঁও রেলপথ পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় রেলপথের পাশে পড়ে যান।

স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লুবনা খানম জানান, আকলিমার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় ।

এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি আমিনুল।