সিরাজগঞ্জে ‘গাড়ির ধাক্কায়’ বাইক আরোহীর মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ‘অজ্ঞাত গাড়ির ধাক্কায়’ এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
উপজেলার কামারবাড়ি সেতুর কাছে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান বলে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই শাহিনুল ইসলাম জানান।
নিহত ফিরোজ মিয়া (২৭) রংপুরের পীরগাছা উপজেলার দিকতারী এলাকার আব্দুল মান্নানের ছেলে।
এসআই শাহিনুর প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে দুর্ঘটনায় পড়া মোটরসাইকেল ও লাশ পড়ে থাকতে দেখে পুলিশ।
পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়েছে। দুর্ঘটনায় পড়া মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানান এসআই ফিরোজ মিয়া।
