বেনাপোল বন্দরে আগুনে পুড়ল ভারতীয় ৫ ট্রাক
বেনাপোল স্থলবন্দরে খালাসের অপেক্ষায় থাকা ভারতীয় পাঁচটি ট্রাক পুড়ে গেছে।
বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ জানান, শুক্রবার ভোর ৫টায় বন্দরের টিটি আই টার্মিনালের ৩৮ নম্বর ইয়ার্ডে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের মোট দশটি ইউনিট নিয়ন্ত্রণে আনে।
ব্লিচিং পাউডার থেকে আগুন ছড়িয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, “এর আগেও কয়েকবার ব্লিচিং পাউডার থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এবার অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত কমিটি করা হবে। তদন্ত শেষে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।”
