২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নির্বাচনে না এলেও কিছু আসে যায় না: তথ্যমন্ত্রী

বিএনপি নির্বাচনে অংশ না নিলেও কিছু আসে যায় না বলে মনে করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 12:26 AM

Updated : 02 Aug 2022, 03:16 PM

বৃহস্পতিবার নওগাঁর নওযোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বিএনপির উদ্দেশে বলেন, বিএনপি নির্বাচনে না এলেও কিছু আসে যায় না। খালি কলসি বেশি বাজে। যারা জামিন নেওয়ার জন্য বোরখা পরে কোর্টে যায় তারা কীভাবে সরকার পতন ঘটাবে?

সারাদেশে শেখ হাসিনা সরকারের নেতৃত্বে উন্নয়নের জোয়ার দেখে বিএনপি দিশেহারা হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, “আগামী নির্বাচনেও বিএনপির ভরাডুবি হবে।”

হাছান মাহমুদ বলেন, “সমগ্র বাংলাদেশে দলের সাংগাঠনিক তৎপড়তা যেভাবে বেড়েছে, সম্মেলনের মাধ্যমে নতুন-পুরাতনের সমন্বয়ে নেতৃত্ব সৃষ্টি হচ্ছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনেও আওয়ামী লীগের ধস নামানো বিজয় হবে।”

তবে দলের নাম ভাঙিয়ে যারা জায়গা দখল করে, জনগণকে উত্ত্যক্ত করে তাদের সঙ্গে দলের নেতাকর্মীদের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান তিনি।

যারা দল পাল্টিয়ে গা বাঁচাতে চায়, অবৈধ সম্পদ রক্ষা করতে চায় তাদের দলে নেওয়া যাবে না বলে জানিয়ে দেন।

তরুণ নেতৃত্বকে সহনশীল ও বিনয়ী হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।

নওগাঁ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, দিলীপ বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা রোকেয়া সুলতানা, বেগম আকতার জাহান, মেরিনা জাহান কবিতা ও জেলার ছয় সংসদ সদস্য।

সম্মেলনে পুনরায় আব্দুল মালেককে সভাপতি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়।