রাজবাড়ীতে ‘সজনে গাছ থেকে পড়ে’ শিক্ষকের মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সজনে পাড়তে উঠে গাছ থেকে পড়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে বলে পরিবার জানিয়েছে।
নিহত শেখ সাদী (৫৮) উপজেলার সোনাইকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপজেলার শালমারা গ্রামে তার বাড়ি।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান বলে তার চাচাত ভাই রেজাউল ইসলাম জানান।
রেজাউল ইসলাম বলেন, সকালে বাড়ির পাশে সজনে গাছে ওঠেন শেখ সাদী। হঠাৎ তিনি অসাবধানতাবশত পড়ে আঘাত পান। তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান রেজাউল।
