২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিসিবির পণ্যে খুশি মানুষ, চালু রাখার দাবি

ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ডে’ কম দামে টিসিবির তেল, ডাল ও চিনি পেয়ে খুশি সাধারণ মানুষ; তারা এটি চালু রাখার দাবি করেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 09:42 PM

Updated : 02 Aug 2022, 03:14 PM

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলায় ৬২ জন ডিলারের মাধ্যমে ৭৭ হাজার ৬০৫টি পরিবার ভর্তুকি মূল্যে এসব পণ্য পাচ্ছে।

গত ২০ মার্চ থেকে সারাদেশে এক কোটি পরিবারের মাঝে রমজান উপলক্ষে ৪৬০ টাকায় দুই কেজি তেল, দুই কেজি চিনি ও দুই কেজি ডালের প্যাকেজ বিক্রি করছে টিসিবি।

রমজানের আগে বাজার মূল্যের চেয়ে কম দামে এসব নিত্যপণ্য কিনতে পেরে খুশি নিম্নমধ্যবিত্ত ও হতদরিদ্র মানুষ। তারা এজন্য সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন অতিরিক্ত জেলা প্রশাসক।

এ ধরনের উদ্যোগ চালু রাখা গেলে উপকার হবে বলে জানিয়েছেন ক্রেতারা।

মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দস্তরদিয়া গ্রামের ষাটোর্ধ্ব কাঞ্চন বেগম বলেন, তার পাঁচজনের পরিবারে রোজার আগে কম দামে এসব পণ্য কিনতে পেরে উপকার হয়েছে। সারাবছরই যদি সরকার তাদের মতো পরিবারগুলোর জন্য এভাবে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির ব্যবস্থা করে তাহলে দুর্মূল্যের বাজারে তাদের বেগ পেতে হবে না।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ব্যাপারে দেখভাল করছেন ও তৎপর রয়েছেন।

‘ফ্যামিলি কার্ডে’ একটি পরিবার এক মাসের ব্যবধানে দুইটি কার্ডে দুইবার পণ্য কিনতে পারবেন।

৩০ মার্চ প্রথম দফার পণ্য বিক্রি শেষে রোজার মধ্যে দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডধারীদের মাঝে তিনটি পণ্যের সঙ্গে অতিরিক্ত দুই কেজি ছোলা বিক্রি করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়।