২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট জেলা বিএনপির নেতৃত্ব কাইয়ুম-ইমরান

সম্মেলনের কাউন্সিল অধিবেশনে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে সিলেট জেলা বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিলেটে প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 07:58 PM

Updated : 02 Aug 2022, 03:14 PM

মঙ্গলবার এক হাজার ৫৭৫ জন কাউন্সিলর গোপন ভোটের মাধ্যমে কমিটির তিন শীর্ষ নেতা নির্বাচন করেছেন বলে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল গফফার জানান।

তিনি বলেন, “সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে ইমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন।”

দুপুরে সিলেটের রেজিস্ট্রারি মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের পর কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ শুরু হয়। এই তিন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন নয়জন প্রার্থী। মোট এক হাজার ৮১৮ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন এক হাজার ৫৭৫ জন।

কাউন্সিলে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী পেয়েছেন ৮৬৮ ভোট; আর তার প্রতিদ্বন্দ্বী আবুল কাহের চৌধুরী শামীম পান ৬৭৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে ইমরান আহমদ চৌধুরী ৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আ. ফ. ম কামাল ৭২, আলী আহমদ ৫৭৩ ও মো. আব্দুল মান্নান ৮১ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে ৬২৩ ভোট পেয়ে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এম মুজিবুর রহমান মুজিব ৪৬৪ ও লোকমান আহমদ ৪৩৯ ভোট পেয়েছেন।

এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সিলেট জেলা বিএনপির কাউন্সিল হয়। এতে কাউন্সিলরদের ভোটে আবুল কাহের চৌধুরী শামীম সভাপতি ও আলী আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

২০১৯ সালের ২ অক্টোবর সিলেট জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে কেন্দ্র থেকে ঘোষণা করা হয় আহ্বায়ক কমিটি।

কামরুল হুদা জায়গীরদারকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছিল। তিন মাসের এই কমিটি প্রায় আড়াই বছর পার করেছে।

আরও পড়ুন:

পুলিশ এখন রাজনীতি আর দুর্নীতিতে ব্যস্ত: ফখরুল