২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট

এক শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের আটকের দাবিতে খুলনায় ট্যাংকলরি শ্রমিকরা ধর্মঘট করেছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 10:15 AM

Updated : 28 Apr 2022, 11:58 PM

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী জানান, মঙ্গলবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য এ ট্যাংকলরি ধর্মঘট শুরুর পর খুলনার ১০ জেলা এবং বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

এর আগে সোমবার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আলামিন হোসেনের ওপর হামলার ঘটনা ঘঠে।

ঘটনার বর্ণনায় ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজমবলেন, “সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আলামিন খালিশপুর নয়াবাটি রোডের বাসা থেকে বের হন। এ সময় চারটি মোটরসাইকেলে আসা ৮-৯ জন তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আলামিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।”

এ ঘটনায় আলামিনের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে সোমবার রাতে ১০-১২ জনকে আসামি করে খালিশপুর থানায় মামলা দায়ের করেন বলে জানান এ শ্রমিক নেতা।

তিনি বলেন, এর আগে হামলাকারীদের আটকের দাবিতে সোমবার বেলা ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিন ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখা হয়। এছাড়া নগরের নতুন রাস্তা এলাকায় সড়কে ট্যাংকলরি রেখে সড়ক অবরোধ ও ধর্মঘট কর্মসূচি পালন করেন শ্রমিকেরা।

এ বিষয়ে খালিশপুর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, শ্রমিক নেতা আলামিনের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছেন তারা।