২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে পেঁয়াজের ফুল শুকিয়ে যাচ্ছে, লোকসানের শঙ্কায় চাষি

রাজবাড়ীতে পেঁয়াজের ফুল শুকিয়ে যাওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন চাষিরা, কিন্তু কৃষি বিভাগের সহযোগিতা পাচ্ছেন না বলে তাদের অভিযোগ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 12:28 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের জলিল মোল্লা বলেন, তিনি ৪৮ শতাংশ জমিতে পেঁয়াজবীজের আবাদ করেছেন। ঘন বৃষ্টির কারণে ভালো ফলনের আশা নেই।

“তাছাড়া ফুল শুকিয়ে যাচ্ছে। আবার মৌমাছি না থাকায় পরাগায়ন হচ্ছে না।”

এই পরিস্থিতিতে তাদের কী করা উচিত তা তারা বুঝতে পারছেন না এবং কৃষি কর্মকর্তারাও সহযোগিতা করছেন না বলে তাদের অভিযোগ।

তবে কৃষি কর্মকর্তারা পরাগায়নের বিষয়ে ভিন্ন মত দিচ্ছেন। আর সহযোগিতা করা হচ্ছে বলেও তাদের দাবি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম সহীদ নূর আকবর বলেন, “পেঁয়াজের পরাগায়নে মৌমাছি উল্লেখযোগ্য ভূমিকা রাখে না। পেঁয়াজের ফুল সাদা এবং রেনু শুষ্ক হওয়ায় তা মৌমাছিদের কম আকর্ষণ করে।”

ফুল শুকিয়ে যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, “বীজের গুণগত মানে কোনো সমস্যা থাকতে পারে। তবে উৎপাদন কম হলেও কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না বলে আশা করা হচ্ছে। সব বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়ার জন্য সহকারী কৃষি কর্মকর্তারা সব সময় কৃষকদের পাশে রয়েছেন।”

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ১৯৫ হেক্টর জমিতে পেঁয়াজবীজ আবাদ হচ্ছে। গত বছর হয় ১৭৭ হেক্টরে। এ বছর জেলায় ৯৫ মেট্রিকটন পেঁয়াজবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

পেঁয়াজবীজ উৎপাদন লাভজনক হওয়ায় প্রতিবছরই এর আবাদ বাড়ছে বলে কৃষি কর্মকর্তারা জারান।