২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ ২ এপ্রিল থেকে বন্ধ

বর্ষাকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে আগামী ২ এপ্রিল থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ বন্ধ করে দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2022, 09:14 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

সোমবার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, “টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজের অনুমতির মেয়াদ হচ্ছে আগামী ৩১ মার্চ পর্যন্ত। তাই এরপর থেকে এই পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

“শুধু একটি জাহাজ কেয়ারি সিন্দাবাদের আগামী ২ এপ্রিল পর্যন্ত সেন্ট মার্টিনে চলাচলের অনুমতি রয়েছে। এরপর সেটিও বন্ধ করে দেওয়া হবে।”

যদি আর কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য মেয়াদ বাড়ায় সেক্ষেত্রে তাদের অনুমতি প্রদান করা হবে বলে জানান ইউএনও।

এদিকে আগামী ২ এপ্রিল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কুয়াব)।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ জানান, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি আছে ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু ২ এপ্রিল পর্যন্ত কিছু পর্যটক সেন্ট মার্টিনে রাত্রিযাপন করবেন বলে তাদের আনার জন্য ওই দিন পর্যন্ত জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া ২ এপ্রিল সেন্ট মার্টিন থেকে ফেরার সময় প্রতিটি জাহাজে দ্বীপের আবর্জনা টেকনাফে আনা হবে। এরপর এসব আবর্জনা টেকনাফের বিভিন্ন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হবে। আর প্লাস্টিক বর্জ্য লোকজনের কাছে বিক্রি করা হবে।

এরপর আগামী অক্টোবর পর্যন্ত টানা সাত মাস এ দ্বীপে পর্যটকের যাতায়াত বন্ধ থাকবে বলেও জানান স্কুয়াবের সভাপতি তোফায়েল আহমেদ।

পর্যটক ভ্রমণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ১০টি জাহাজ চলাচল করে। বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বলে উপজেলা প্রশাসন এসব জাহাজ চলাচল বন্ধ রাখে।