২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা: বর্ষায় যুদ্ধ পানির সঙ্গে, হেমন্তে বালু

বর্ষায় যমুনা নদী দুকূল প্লাবিত করে ভাসিয়ে নিয়ে যায় ভিটের পর ভিটে; হেমন্তে পানির অভাবে সেই নদীর বুকে জেগে উঠা বালুচরের কারণে দুর্ভোগ পোহাতে হয় অন্তত ২৬টি ইউনিয়নের মানুষকে।  

ইসরাইল হোসেন বাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2022, 09:40 AM

Updated : 25 Oct 2022, 10:20 AM

শুষ্ক মৌসুমের শুরুতেই পানি হারায় যমুনা; একেবারে তলানিতে গিয়ে ঠেকে। মাঝে মাঝে জেগে উঠে বিশাল বিশাল বালুচর। যেখানে পানি আছে সেখানেও ডুবোচর; তাতে মাঝে মাঝে নৌ-দুর্ঘটনায় প্রাণ হারায় মানুষ। 

স্কুল শিক্ষার্থীদের প্রায় প্রতিদিন দুই-তিন কিলোমিটার তপ্ত বালুচর পেরিয়ে বসতে হয় ক্লাসে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন বয়স্করা। কেউ অসুস্থ হলে চাঙারি যেন একমাত্র সম্বল তাদের। আর পরিবহন বলতে, ঘোড়ার গাড়ি। সনাতনি জেলে, নৌকার মাঝিরা বেকার হয়ে ঝুঁকছেন অন্য পেশার দিকে।

সিরাজগঞ্জের কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর পাঁচটি উপজেলার যমুনা নদীবেষ্টিত লাখ লাখ মানুষের হেমন্তের জীবনচক্র যুগ যুগ ধরে দুর্ভোগের বেড়াজালে আটকে আছে। তারা এ অবস্থা থেকে মুক্তি পেতে নদীজুড়ে ড্রেজিংয়ের দাবি জানিয়েছেন।

কাজিপুরের নাটুয়ারপাড়া চরের জেলে পরিমল দাস বলেন, “এখন খরার মৌসুম, নদীতে পানি নেই। বালুতে নদী ভরাট হয়ে গেছে। নদীতে জাল ফেলে মাছ পাওয়া যাচ্ছে না। ফলে রিকশাভ্যান চালিয়ে কোনোরকমে সংসার চালাচ্ছি।” 

নাটুয়ারপাড়া চরের কৃষক আব্দুল কাদের বলেন, “বর্ষা মৌসুমে পানির সঙ্গে যুদ্ধ করে চলি। সব ভাসায়া নিয়া যায়। ভিটে গিলে ফেলে। তবুও যোগাযোগের ব্যবস্থা ভাল থাকে। যমুনা নদীর পানি শুকিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। চাষ হচ্ছে। কিন্তু যোগাযোগের ব্যবস্থা খুব খারাপ হওয়ায় ফসল হাট-বাজারে নিতে অনেক ভোগান্তি।”

কাজিপুর সদরের মেঘাই নৌকা ঘাটের বাদশা ও হাসান প্রায় দুই দশক ধরে শ্রমিকের কাজ করেন। এখন সেই ঘাট প্রায় বন্ধ। কাজহারা শ্রমিকরা।  

তারা জানালেন, যমুনা নদী এখন বিভিন্ন শাখা ও নালায় পরিণত হয়েছে। যে কারণে নৌকাগুলো ঠিকমতো ঘাটে আসতে পারে না। কাজ হারিয়ে অন্য পেশায় যাওয়ার চিন্তা করছেন দুজন।

মেঘাই নৌকা ঘাটের ইজারাদার টি এম জাহিদুল ইসলাম শামীম বলেন, “শীতের শুরু থেকে নদীর পানি কমতে থাকে। এখন তো খরার মৌসুম। ঘাটে নৌকা আসতে পারে না। মনসুরনগর ও চরগিরিশ ইউনিয়নের ঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে যাত্রীদের নামানো হয়। যাত্রীরা হেঁটেই গন্তব্যে যায়।

চৌহালী সদর থেকে জেলা সদরের পথে আগে এনায়েতপুর নৌকা ঘাটে যেতে ঘণ্টা দেড়েক সময় লাগত। এখন নদীতে পানি না থাকায় এবং বিভিন্ন স্থানে ডুবোচর জেগে উঠায় ঘুরপথে নৌকায় যেতে অতিরিক্ত এক থেকে দুই ঘণ্টা সময় লাগছে বলে জানালেন উপজেলার উমারপুর গ্রামের শিক্ষক আব্দুল মালেক ও ঘোড়জান গ্রামের শিক্ষক আব্দুস সোবহান।

শাহজাদপুর উপজেলার বানতিয়ার গ্রামের নৌকার মাঝি আমির হামজা ও ময়নাল প্রামাণিকের ভিটেমাটি আগেই যমুনার পেটে গেছে। এরপর থেকে নৌকা চালিয়েই তাদের সংসার চলে। কিন্তু এখন আয়ের উৎস বন্ধ থাকায় তাদের অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে বলে জানান।

একই গ্রামের জেলে আলম মণ্ডল, প্রেমা হালদার, গুরু হালদার, সোলায়মান হোসেন ও রমজান আলীর ভাষ্য, নদীতে পানি নেই, এই পানিতে মাছ থাকে না।

উপজেলার সোনাতনী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নূরুল ইসলাম, ইব্রাহিম হোসেন ও ছোট চাঁনতারা বাজারের মুদি দোকানি খোরশেদ আলম জানান, মালপত্র মাথায় নিয়ে তপ্ত রোদে ধূ ধূ বালুর চর পাড়ি দিতে তাদের খুবই কষ্ট হয়। ঘোড়ার গাড়িতে পণ্য পরিবহনে বস্তা প্রতি তিন থেকে চার গুণ বেশি ভাড়া দিতে হয়। এতে পরিবহন খরচ বেশি হওয়ায় লাভ তো দূরের কথা উল্টো আরও লোকসান গুনতে হচ্ছে।

শাহজাদপুরের বানতিয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোনাতনী গ্রামের আল আমিন, সুমী খাতুন, ছোট চাঁনতারা গ্রামের এনামুল হক ও হোসেন আলীকে প্রতিদিনই দুই কিলোমিটার বালুচর পাড়ি দিয়ে স্কুলে পৌঁছাতে হয়। এত কষ্ট করে স্কুলে গিয়ে আর পড়াশোনায় মন বসে না বলে জানায় তারা। 

বানতিয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী বলেন, “প্রখর রোদে উত্তপ্ত এ বালুর চর পাড়ি দিয়ে অধিকাংশ শিক্ষার্থী স্কুলে আসতে চায় না। ফলে তাদের পড়ালেখায় ভাটা পড়েছে। রেজাল্টও খারাপ হচ্ছে।

“নদীটি ড্রেজিং করে পানির প্রবাহ স্বাভাবিক করা হলে শিক্ষার্থীরা সহজে নৌকায় করে স্কুলে যাতায়াত করতে পারবে। তখন আর তারা ক্লাসে অনুপস্থিত থাকবে না। ভালো পড়ালেখার পাশাপাশি তারা রেজাল্টও ভাল করবে।”

শাহজাদপুরের ছোট চাঁনতারা বাজারের পল্লি চিকিৎসক জিয়া উদ্দিন বলেন, যমুনা নদীতে পানি না থাকায় জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়া খুবই কষ্ট হয়। বিশেষ করে গর্ভবতী নারীরা অনেক সময় পথেই বাচ্চার জন্ম দেয়, নয়তো মারা যায়। নদীতে পানি থাকলে এ ভোগান্তি থাকত না। 

উপজেলার সোনাতুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরতুজ আলী বলেন, নাব্য সংকট নিরসনে দ্রুত যমুনা নদীতে ড্রেজিং প্রয়োজন। নদীতে ড্রেজিং হলে জেলে ও মাঝিরা উপকৃত হবেন। বর্ষা মৌসুমে বাড়িঘর ও ফসলি জমি নদী ভাঙন থেকে রক্ষা পাবে। পাশাপাশি নৌপথ সচল হলে মানুষ স্বল্প খরচে মালামাল পরিবহন ও যাতায়াত করতে পারবে।

সোনাতুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে যমুনা নদীতে ড্রেজিং না হওয়ায় শুষ্ক মৌসুমে নদী নাব্য হারিয়েছে। আর বর্ষা মৌসুমে পানির ধারণ ক্ষমতা না থাকায় বাড়িঘর ভেঙে নদীগর্ভে বিলীন হয়। ফলে নদীতীরের মানুষ প্রতি বছর সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে।”

বর্ষা মৌসুমের আগেই নদীতে ড্রেজিংয়ের দাবি করেছেন তিনি।

চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামও নাব্য ফেরাতে ড্রেজিংয়ের দাবি করেছেন।

এদিকে, নদীতে ডুবোচরের কারণে জনদুর্ভোগের পাশাপাশি নৌ দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সম্প্রতি ১৫-২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা উপজেলার ধুবুলিয়ার চর থেকে উমারপুর যাচ্ছিল। পথে ডুবোচরে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতারে কিনারায় উঠলেও নমেছা খাতুন (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়। 

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, “মেগা প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলার চিলমারীর বন্দর সচল করতে অচিরেই আরিচা থেকে চিলমারীর বন্দর পর্যন্ত যমুনা নদীর ড্রেজিং কাজ শুরু হবে।

“এ কাজ শুরু হলে পর্যায়ক্রমে আমাদের এ অংশের শাখা নদীসহ সম্পূর্ণটাই ড্রেজিং হয়ে যাবে। তখন এ এলাকার নাব্য সংকট দূর হওয়ার পাশাপাশি আবাদী জমি ও বাড়িঘর ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।”