২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্টমার্টিনের বেওয়ারিশ কুকুর সরানো হচ্ছে

বঙ্গোপসাগরের দ্বীপ সেন্টমার্টিনের বেওয়ারিশ কুকুর সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 09:39 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

রোববার বিকেলে সেন্টমার্টিন থেকে কুকুর পুনর্বাসনের কার্যক্রম উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

তিনি বলেন, “সেন্টমাটিনে বেওয়ারিশ কুকুর বেড়েছে। এখানে ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয়দের কামড় দেওয়ার ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

“এ ছাড়া সৈকতে ডিম পাড়তে আসা কচ্ছপগুলো হুমকির মুখে রয়েছে। মা কচ্ছপের ওপর প্রায় সময় ঝাঁপিয়ে পড়ে কুকুর। এতে অনেক সময় মারা যাচ্ছে মা কচ্ছপ। ফলে সুন্দর উপায়ে দ্বীপ থেকে কুকুর পুনর্বাসন কাজ শুরু করা হয়েছে।“

ইউএনও আরও বলেন, “আমাদের চেষ্টা থাকবে দ্বীপ থেকে অন্তত অর্ধেক কুকুর সরানো। কুকুরগুলো সেন্টমার্টিন থেকে টেকনাফ উপজেলার সাবরাং, শাহপরীর দ্বীপ ও বাহারছড়াসহ বিভিন্ন জায়গায় পুনর্বাসন করা হবে।”

নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) সুপারভাইজার মাহে আলম সোহাগ জানান, ২০১৪ সালে একটি বেসরকারি সংস্থার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে কুকুর নিধন বন্ধের নির্দেশ দিয়েছিল আদালত। এতে কুকুর নিধন থেকে বেরিয়ে কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনার কাজ শুরু হয়।

এরই ধারাবাহিকতায় রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে সেন্টমার্টিন থেকে কুকুর পুনর্বাসনের কাজ শুরু করা হয় বলে মন্তব্য করেন সোহাগ।

তিনি আরও বলেন, “সেন্টমার্টিনে ১০ হাজার মানুষের বসবাস। পাশপাশি প্রতিদিন কয়েক হাজার পর্যটক এখানে আসেন। কিন্তু দ্বীপে বেওয়ারিশ কুকুর আছে দুই হাজারের বেশি। ফলে প্রতিনিয়ত পর্যটক ও সাধারণ মানুষ কুকুরের আতঙ্কে রয়েছেন। বিশেষ করে, সৈকতে ডিম পাড়তে আসা মা কচ্ছপকে খেয়ে ফেলছে কুকুর।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহিব উল্লাহ বলেন, “এতগুলো কুকুরকে একসঙ্গে কোনো একটি অঞ্চলে ছেড়ে দেওয়া হলে সেখানে অবশ্যই খাদ্যসংকট দেখা দেবে। ফলে কুকুরগুলোকে স্থানান্তরিত করা হবে যেখানে খাবারের সংকট তৈরি না হয়।

“যেখানে মানুষের বসবাস রয়েছে তেমন কোনো এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হবে। প্রথম দিনে দ্বীপ থেকে ৩০টি খাচায় কুকুর ভরে ট্রলারে টেকনাফে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।“

উপজেলা পরিষদ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহতায় কুকুর পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমওডিসি ডা. প্রণয় রুদ্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, ইউপি সদস্য খোরশেদ আলম।