কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই সহোদরের
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাড়ির সামনে থাকা পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খরখরিয়া গ্রামের পাটোয়ারি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহীদুল্লাহ জানান।
নিহতরা হলো- গ্রামের আবু জাফর হিরণের ছেলে মোহাম্মদ সাইমন (৭) ও আবু ইউসুফ (৪)। এর মধ্যে সাইমন গ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রিপন বালা বলেন, “পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে বিস্তারিত জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”
শিশুদের নানা (দাদীর ছোট ভাই) আবু মাসুদ বলেন, “সকাল সাড়ে ১০টায় বাড়িতে খেলা করছিল দুই ভাই। সবার অজান্তে পুকুরে ডুবে যায় তারা। লোকজন তখন তাদের খুঁজতে শুরু করে।
“বেলা ১১টায় তাদের লাশ ভেসে উঠে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।“
শিশুদের বাবা চট্টগ্রামে থাকেন। সেখানে তার গাড়ির চাকার টায়ারের দোকান রয়েছে।
