মেয়াদ শেষের ৫ বছর পর কুমিল্লা উত্তর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর পর কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। শনিবার সকালে ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার জামি উস সানি এ ব্যাপারে গণমাধ্যমে আরেকটি বিজ্ঞপ্তি পাঠান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার জামি উস সানি ও উপ-গ্রন্থনা সম্পাদক আমানুল্লাহ আমানের কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।
জেলায় কেন্দ্রীয় নেতারা সশরীরে উপস্থিত হয়ে এসব জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
কুমিল্লায় ছাত্রলীগের দুটি সাংগঠনিক জেলা রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দক্ষিণের ১০টি উপজেলা নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা এবং উত্তরের সাতটি উপজেলা নিয়ে কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলা।
দুই বছর মেয়াদি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয় ২০১৪ সালের ৪ ডিসেম্বর; সে সময় সভাপতির দায়িত্ব পান আবু কাউছার অনিক এবং সাধারণ সম্পাদক করা হয় ফরহাদ আহমেদ ফকিরকে। পরের বছর, ২০১৫ সালে ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকিরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ২০২০ সালের ১০ আগস্ট। এ ঘটনার পরই তাকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন নেতাকর্মীদের একটি অংশ।
একপর্যায়ে ফরহাদ আহমেদ ফকির নিজেই ওই বছরের ৬ সেপ্টেম্বর দল থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে আবেদন করেন। এরপর তার আবেদনের ভিত্তিতে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ ফকিরকে তার পদ থেকে অব্যাহতি দেয়। একই সঙ্গে গাজী বোরহান উদ্দীন ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
