২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ধর্ষণ মামলার তিন আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার

কক্সবাজারে ধর্ষণ মামলার তিন আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2022, 02:34 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, শনিবার ভেরে নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব-নাপিতখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের রমজান আলীর ছেলে মোহাম্মদ ফিরোজ ওরফে মোস্তাক (৪৭), ইসলামপুর ইউনিয়নের উত্তর-নাপিতখালী এলাকার মৃত আব্দুল গণির ছেলে মোহাম্মদ শরীফ ওরফে শরীফ কোম্পনি এবং পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকার লোদা মিয়ার ছেলে নুরুল ইসলাম (৪৮)।

খাইরুল জানান, গত ১৪ মার্চ কক্সবাজার শহরের আদালত এলাকা থেকে এক নারীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে শহরের উত্তর বাহারছড়া এলাকায় একটি বাসায় আটকে রেখে দলঁবেঁধে ধর্ষণ করা হয। এ ঘটনার পরদিন ওই নারী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় নয়জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করেন। এর প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারে র‌্যাব অভিযান শুরু করে।

তিনি বলেন, “ধর্ষণ মামলার কয়েকজন আসামি পূর্ব-নাপিতখালী এলাকায় একটি বাড়িতে অবস্থান করছে গোপান খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। তারা বাড়িটি ঘিরে ফেলার পর ৩/৪ জন লোক পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে একটি বিদেশি পিস্তল ও দেশিয় তৈরি ৯টি বন্দুক উদ্ধার করা হয়।”

“গ্রেপ্তার তিনজনই দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। এদের মধ্যে এক নম্বর আসামি ফিরোজ ঘটনার পর গণমাধ্যমে দাবি করেছিল, মামলার বাদী ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। আর সেটা প্রমাণ করতে সে একটি ভূঁয়া কাবিননামা তৈরি করেছিল। পরে সে  ঘটনা ধামাচাপা দিতে ধর্ষিত নারীকে প্রাণনাশেরও হুমকি দেয়।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ঈদগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।