গাজীপুরে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিক নিহত
গাজীপুর নগরীতে ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার পূবাইলে মিরেরবাজার চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূবাইল থানার এসআই জাহাঙ্গীর আলম।
আনুমানিক ৩০/৩২ বছর বয়সী এই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ওই নারীর সঙ্গে নূর গ্রুপের রাইয়ান ‘নীট কম্পোজিট লিমিটেড’-এর একটি পরিচয়পত্র পাওয়া গেছে, যেখানে 'রেহানা বেগম' নাম লেখা আছে।
ওই কার্ড ধরে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
এসআই জাহাঙ্গীর বলেন, বেলা ১১টার দিকে মীরেরবাজার চৌরাস্তার উত্তর-পূর্ব পাশের সড়কে দাঁড়িয়ে গাড়ির জন্য ওই নারী অপেক্ষা করছিলেন। সে সময় ঘোড়াশালগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
জাহাঙ্গীর জানান, নিহত নারী সঙ্গে পাওয়া পরিচয়পত্রটি ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর ইস্যু করা হয়, যাতে পদবীর স্থলে লেখা আছে 'পলি এন্ড হ্যাংটেগ ম্যান'। আর ঠিকানা উল্লেখ রয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকিতলা।
“জাতীয় পরিচয়পত্র নম্বর ৯১৪২৭৯২৭৯৬। ধারণা করা হচ্ছে কার্ডটি নিহত ওই নারীর।”
আইডি কার্ডে থাকা তথ্যের সূত্র ধরে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
