সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারীকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের মোল্লাহাটে সমাজসেবা অধিদপ্তরের এক অফিস সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার গাংনী ইউনিয়নের গাংনী গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মোল্লাহাট থানার ওসি সোমেন দাস জানান।
নিহত নাঈম খান (২৮) মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের গাংনী গ্রামের দক্ষিণপাড়া এলাকার আবুল খানের ছেলে। তিনি মোল্লাহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বাড়ির কাছে এক দোকানে বসে কয়েকজন বন্ধুর সঙ্গে মোবাইল ফোনে লুডু খেলছিলেন নাঈম। লুডু খেলার মধ্যে তার ফোনে একটি ভিডিও কল আসলে তিনি কথা বলতে দোকানের পেছনে হিরণ মাস্টারের পরিত্যক্ত ঘরে চলে যান।
“অনেক সময় পার হলেও নাঈম ফিরে না আসায় তার বন্ধুরা তাকে খুঁজতে দোকানের পেছনে যায়। সেখানে তারা নাঈমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।”
পরে নাঈমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “নিহতের গলা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা নাঈমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
শুক্রবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে এ হত্যাকান্ডে জড়িত কাউকে পুলিশ এখনো শনাক্ত করতে পারেনি বলে জানান সোমেন।
