গাজীপুরে দুর্ঘটনায় শ্রমিক ‘নিহতের গুজবে’ বাসে আগুন, অবরোধ
গাজীপুরে বাস চাপায় এক শ্রমিক নিহত হওয়ার গুজব ওঠার পর তার সহকর্মীরা একটি বাসে আগুন দিয়েছে; তারা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছে।
নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় মঙ্গলবার দুপুরে বাস চাপায় এক শ্রমিক আহত হয়েছে বলে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান।
আহত মো. মনির হোসেন আলিফ ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানার ইলেক্ট্রেশিয়ান।
রুহুল আমিন বলেন, দুপুরের খাবার বিরতির পর কারখানায় ফেরার পথে একটি যাত্রীবাহী বাস মনিরকে ধাক্কা দেয়। এতে মনির হোসেন গুরুতর আহত হলে সহকর্মীরা বাসটি আটক করে।
“স্থানীয়রা আহত মনিরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা দুপুর ২টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।”
রুহুল আমিন জানান, এ সময় উত্তেজিত হয়ে বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে বিকাল পৌনে ৪টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, নিহতের গুজবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় বাসে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
আহত শ্রমিককে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, দুপুর ২টার দিকে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। বিকালে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় দুইটি ইউনিটের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। আগুনে বাসের সিট ও ছাদের সমস্ত অংশ পুড়ে গেছে।
