২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার শিক্ষক

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে তার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2022, 01:19 PM

Updated : 28 Apr 2022, 11:55 PM

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, সোমবার রাতে ঢাকার দক্ষিণখান থেকে আব্দুর রহিম নামে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেন তারা।

গ্রেপ্তার আব্দুর রহিমের (২২) বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানার ভায়াডাঙ্গা গ্রামে। তিনি টঙ্গীর খাঁ পাড়া এলাকার একটি মাদ্রাসার শিক্ষক।

শাহ আলম বলেন, রোববার রাতে পড়ানোর কথা বলে মাদ্রাসার বোডিং থেকে এক ছাত্রকে নিজের ঘরে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে রহিম। এ ঘটনা কাউকে না বলতে ছেলেটিকে নানা ধরনের ভয়ভীতিও দেখায় সে। সোমবার সকালে শিশুটির বাবা মাদ্রাসায় গেলে ছেলেটি তাকে ঘটনাটি জানায়। পরে শিশুটি বাবা থানায় জানালে ওই শিক্ষক পালিয়ে যান। পুলিশ তথ্যপ্রযুক্তি ও সোর্সের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে রহিমকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে আসামিকে কারাগারে এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য ছেলেটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।