গাজীপুরে ট্রেনের ধাক্কায় কৃষি বিজ্ঞানী নিহত
গাজীপুরে ট্রেনের ধাক্কায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এক বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার রাতে শহরের ভাগলবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময়ে ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় তিনি মারা যান বলে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লাহ জানান।
নিহত ড. আরিফুর রহমানের (৪৫) গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার অরুণখোলা গ্রামে। তিনি উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন।
বারি’র প্রটোকল অফিসার মো. আলামিন জানান, আরিফুর সাতক্ষীরার বেনেরপাড়া এলাকায় বারি’র কৃষি গবেষণা কেন্দ্রের দায়িত্বে ছিলেন। তিনি রোববারই সাতক্ষীরা থেকে গাজীপুরে আসেন এবং অফিসের কাজে মোটরসাইকেল নিয়ে একটি ছাপাখানায় যাচ্ছিলেন।
এসআই শহীদুল্লাহ বলেন, “রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে মহানগরের ভাগলবাড়ি রেলক্রসিং পার হচ্ছিলেন আরিফুর। এ সময় ঢাকা থেকে লালমনিরহাটগামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
