বিরোধ: হবিগঞ্জে মামিকে হত্যার অভিযোগ ভাগনের বিরুদ্ধে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুর্ব বিরোধের জেরে মামিকে ঘুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ভাগনের বিরুদ্ধে।
উপজেলার পুর্ব বাগনিপাড়া গ্রামে রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান।
মৃত বিনা বেগম (৩০) ওই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।
এ ঘটনায় সোমবার সকালে বিনার ভাগনে শুক্কুর আলীকে আটক করা হয়েছে। তিনি চুনারুঘাট উপজেলার নালুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
বিনার মেয়ে রুনা আক্তার বলেন, মা সহ পরিবারের সদস্যরা রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পরে হঠাৎ করে মায়ের চিৎকার শুনতে তার ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রতন মিয়া বলেন, তার ফুফাতো ভাই শুক্কুর আলীর সঙ্গে বিভিন্ন বিষয়া নিয়ে তাদের বিরোধ ছিল। কিন্তু গত কয়েকদিন আগে তা সমাধানও করা হয়। এরই প্রেক্ষিতে শুক্কুর তাদের বাড়িতে বেড়াতে আসে।
রতনের অভিযোগ, শুক্কুর পূর্ব প্রতিশোধ নিতেই তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত ডা. আবিদুর রেজা জানান, বিনার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আটক শুক্কুর আলীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
