রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ছাত্রলীগ নেতাসহ কয়েকজনকে পিটিয়ে আহত করার অভিযোগে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
উপজেলার মদাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ শেখ শনিবার সকালে এই মামলা করেন বলে কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান।
মামলার এজাহারে বলা হয়েছে, বিগত ইউপি নির্বাচনে পারভেজ শেখ, তার চাচাত ভাই হারুন অর রশীদ ও প্রতিবেশী ইউনুস আলী নৌকার পক্ষে কাজ করেন। এ কারণে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু তাদের ওপর ক্ষুব্ধ হন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে মজনুর নেতৃত্বে একদল লোক তাদের ওপর হামলা চালায়। তারা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তাদের পিটিয়ে আহত করেন। শুক্রবার সকালে আবার হামলা চালিয়ে তাদের বাড়িঘন ভাংচুর করেন। তাছাড়া এক লাখ ৩০ লাখ টাকা লুট করা হয় বলে অভিযোগ করা হয় মামলায়।
ওসি নাজমুল বলেন, মামলার পর শনিবার দুপুরে চেয়ারম্যান মিজানুর রহমান মজনুকে কালুখালী উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হলে বিকালে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি নাজমুল।
