২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ডে’ টিসিবির পণ্য পাবেন ৭৭ হাজার ৬০৫ পরিবার

রমজান উপলক্ষে ফরিদপুরে ৭৭ হাজার ৬০৫ নিম্নআয়ের পরিবার ‘ফ্যামিলি কার্ডের’ মাধ্যমে পরিবার টিসিবির পণ্য পাবেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2022, 12:30 PM

Updated : 28 Apr 2022, 11:53 PM

শুক্রবার বিকালে সার্কিট হাউজে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এ কথা জানান।

অতুল বলেন, “ইতোপূর্বে করোনাকালে প্রধানমন্ত্রীর দেওয়া ২৫শ’ টাকা এবং ভিজিডি ও ভিজিএফের তালিকাভুক্ত হতদরিদ্রদের তালিকাকে ভিত্তি করে ফ্যামিলি কার্ডের তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রত্যেককে দুটি কার্ড দেওয়া হবে। এগুলো দিয়ে ১৫ দিন অন্তর দুবার এসব পণ্য কিনতে পারবেন তারা।”

প্রতিটি উপকারভোগী পরিবারের জন্য প্রস্তুত করা ফ্যামিলি কার্ড যার একটি উপকারভোগী ও অপরটি ডিলারের কাছে সংরক্ষিত আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

জেলা প্রশাসক বলেন, আগামী ২০ মার্চ ফরিদপুর জেলার ২৬টি স্পটে এসব পণ্য বিক্রি শুরু হবে। প্রত্যেকটি কার্ডে পণ্য সরবরাহের তারিখ ও স্থান উল্লেখ করা হয়েছে। ফরিদপুরে টিসিবির ৬৩ জন ডিলারের মাধ্যমে প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন সদরে ৩০ মার্চ পর্যন্ত চলবে এ পণ্য বিক্রি।

এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি কিনতে পারবেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী, অতিরিক্ত পুলিশ সুপার এমদাদুল হক ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।