টঙ্গীতে ‘অস্ত্রধারীর ছবি তুলে’ প্রাণ হারালেন চা দোকানি
গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় অবস্থানকারী একদল অস্ত্রধারীর ‘ছবি তোলার পর’ এক চা দোকানি ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় বুধবার রাতে মো. সোলাইমান (২১) নামের ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোলাইমান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পলসা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে রেললাইনের পাশে মুদি ও চায়ের দোকান চালাতেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন টঙ্গী মরকুন তিস্তারগেটের মৃত আশরাফ আলীর ছেলে সজল মিয়া (২৮) ও নোয়াগাঁওয়ের বাহরাইলের বাড়ির মৃত জামিল মিয়ার ছেলে সুজন মিয়া (২৪)।
এলাকাবাসীর বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন বলেন, ছিনতাই, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দত্তপাড়া কসাইবাড়ি ও মরকুন পশ্চিমপাড়া এলাকার দুটি দলের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলছিল।
তিনি বলেন, গত বুধবার বিকালে একদল যুবক মরকুন পশ্চিম পাড়ার কয়েকজন যুবককে মারধর করে। এ ঘটনার জেরে একই দিন রাত ৮টার দিকে মরকুন পশ্চিম পাড়ার কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় ঘোরাঘুরি করছিল।
স্থানীয়দের কাছ থকে শুনে পরিদর্শক দেলোয়ার আরও বলেন, ওই সময় চা দোকানি সোলাইমান তার মোবাইল ফোনে ওই অস্ত্রধারী যুবকদের ছবি ধারণ করেন। বিষয়টি জানতে পেরে কয়েকজন যুবক দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সোলাইমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়।
দেলোয়ার জানান, আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় সোলাইমানকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টায় মারা যান সোলাইমান।
নিহত সোলাইমানের মামা নাজমুল ইসলাম বলেন, ঘটনার দিন সন্ধ্যার পর একদল কিশোর ও যুবক ধারালো অস্ত্র নিয়ে রেললাইন দিয়ে কসাইবাড়ি এলাকায় প্রবেশ করে। ওই সময় আমার ভাগ্নে সোলাইমান দোকানের ভেতরেই ছিল। দুর্বৃত্তরা দোকানের ভেতর ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
তিনি আরও বলেন, রেললাইনে প্রায়ই ছিনতাই হয়। মাদক ব্যবসায়ীরাও সেখানে প্রতিনিয়ত আড্ডা দেয়। সোলাইমানের চা দোকানে ভালো-মন্দ সব ধরনের লোকজনই আসত। কিন্তু সোলাইমান কোনো খারাপ কাজে যুক্ত ছিল না।
পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, এই ঘটনায় বৃহস্পতিবার রাতে টঙ্গীতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মরদেহ দাফন শেষে পরিবারের পক্ষ থেকে মামলা করবে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
