২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘নিটিং’ কারখানার আগুন নিয়ন্ত্রণে

চার ঘণ্টার চেষ্টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ‘নিটিং’ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 11:01 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

বৃহস্পতিবার রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সোনারগাঁ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান।

সন্ধ্যা ৬টার দিকে ‘শান ফেব্রিকস’ নামের নিটিং কারখানার আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আবদুল্লাহ আল আরেফিন জানান, মেঘনা শিল্পাঞ্চলের ঝাউচর এলাকায় শান ফেব্রিকস কারখানার ইউনিট ওয়ান ও ইউনিট টু’র বিভিন্ন সেকশন আগুনে পুড়েছে। সোনারগাঁ, আদমজি ইপিজেড, গজারিয়া, মেঘনা ও নারায়ণগঞ্জসহ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার গুদামে প্রচুর পরিমাণে তুলা থাকায় নেভাতে অনেক সময় লেগেছে। গুদামে সুতা আর মেশিনও ছিল।

নারায়ণগঞ্জে ‘নিটিং’ কারখানার গুদামে আগুন  

তবে আগুনের সূত্রপাত জানা যায়নি; ক্ষয়ক্ষতির পরিমাণ মালিকপক্ষের সঙ্গে কথা বলে নির্ণয় করা হবে; এখনও কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানান তিনি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে সন্ধ্যায় আগুন লাগার পরপর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেছিলেন।

সোনারগাঁ থানার এসআই মোহাম্মদ মিজান জানান, ‘শান ফেব্রিকস’ ভেতরে এক অংশে তুলা দিয়ে সুতা বানানো হয়। সেখানে কাজ চলছিল। নিটিংয়ের গুদামে সুতা ও তুলা মজুদ ছিল। ফলে আগুন দ্রুত ছটিয়ে পড়ে।

“সন্ধ্যায় হঠাৎ শ্রমিকরা গুদামে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পাশাপাশি পুলিশ এসে জননিরাপত্তার ব্যবস্থা করেছে। এখনও পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাইনি।”