২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 02:07 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান জানান, উখিয়ার তানজিমারঘোনা ১৩ নম্বর ক্যাম্পের কাঠালতলী বাজার থেকে বুধবার রাতে ওমর ফারুককে গ্রেপ্তার করেন তারা।  

ওমর (২৪) তানজিমারঘোনা ১২ নম্বর ক্যাম্পের জি-৩ ব্লকের মো. সলিমুল্লাহর ছেলে।

পুলিশ সুপার বলেন, কয়েকজন অস্ত্রধারীর অবস্থানের খবরে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় মোহাম্মদ রফিকের দোকানের সামনে একজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে আটক করে শরীরে তল্লাশি করে। এ সময় তার কোমরে থাকা কাপড়ের ব্যাগের ভেতরে একটি আমেরিকান পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।”

ফারুক কয়েকদিন আগে মিয়ানমার সীমান্ত পার হয়ে উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আসে।মিয়ানমারে ফেরার প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় সামগ্রী কিনতে কাঠালতলী বাজারে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প ঘিরে নানা অপরাধের অভিযোগ রয়েছে বলে জানান শিহাব।

তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা হয়েছে।