মানিকগঞ্জে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
মানিকগঞ্জের ঘিওরে রাস্তায় হাঁটতে বেরিয়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে ঘিওর থানার ওসি রিয়াজুদ্দিন আহমেদ বিপ্লব জানান।
নিহত জালাল উদ্দিন এক সময় অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মচারী ছিলেন। তার চার ছেলে ও দুই মেয়ে।
জালাল উদ্দিনের ছোট ছেলে আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, সকাল ৭টার দিকে বাড়ির কাছে হাঁটতে বেরিয়েছিলেন তারা বাবা। রাস্তায় ব্যটারিচালিত একটি রিকশা আরেকটি রিকশাকে ‘ওভারটেক’ করতে গিয়ে তার বাবাকে ধাক্কা দেয়।
আহত জালাল উদ্দিনকে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে সেখান থেকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান তার ছেলে।
ওসি বিপ্লব বলেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ নিচ্ছেন তারা।
