নাফ নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
টেকনাফে নাফ নদীর মোহনায় একদিন আগে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।
টেকনাফের সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম জানান, বুধবার সন্ধ্যায় নাফ নদীর মোহনার ঘোলারচর এলাকায় ওই জেলের লাশ পাওয়া যায়।
মৃত মোহাম্মদ রাসেল (২০) সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবুল কালামের ছেলে।
ইউপি সদস্য আবদুস সালাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরগামী একটি কাঠ বোঝাই ট্রলারডুবি হয়। এ সময় একটি নৌকায় করে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে কয়েকজন জেলে ডুবে যাওয়া ট্রলারটিতে উদ্ধার তৎপরতা চালাতে ছুটে যান। রাসেল ডুবে যাওয়া ট্রলারে আটকে পড়ে নিখোঁজ ছিলেন। বুধবার সন্ধ্যার দিকে ঘোলার চর এলাকায় তার লাশ ভেসে ওঠে।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
