গোপালগঞ্জে কৃষককে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
গোপালগঞ্জে এক কৃষককে হত্যার দায়ে একজকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. অব্বাস উদ্দীন বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
তাছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
সাজাপ্রাপ্ত গণপতি মণ্ডল জেলার মুকসুদপুর উপজেলার মহাটালী গ্রামের বাসিন্দা।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৪ আসামিকে বেকসু খালাস দিয়েছে আদালত।
রায় ঘোষণার সময় সব আসামি আদালতে ছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ১৫ জুন মুকসুদপুর উপজেলার মহাটালী গ্রামের কৃষক ভোলানাথ দাসকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। তাকে প্রথমে মুকসুদপুর হাসপাতালে, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিসাধীন অবস্থায় ১৭ জুন তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে ঝড়ু দাস বাদী হয়ে মুকসুদপুর থানায় ২৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ২৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মুকসুদপুর থানার এসআই সিরাজ ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
বিচার শেষে আদালত গণপতি মণ্ডলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১৪ আসামিকে খালাস দেয় আদালত।
বাদীপক্ষের এপিপি মো. শহীদুজ্জামান খান, ফজলুল হক খান এবং আসামিপক্ষে আইনজীবী কাজী মেজবাহ উদ্দিন মামলাটি পরিচালনা করেন।
