ফরিদপুর পৌর ছাত্রলীগের সম্পাদককে অব্যাহতি
ফরিদপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি তানজিমুল রশিদ ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার তাকে অব্যাহিত দেওয়া হয়েছে বলে জানানো হয়।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
অব্যাহতি পাওয়া সজিব আহমেদ (২৫) পৌর শহরের শোভারামপুর মহল্লার মজিবুর রহমানের ছেলে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতকের শিক্ষার্থী।
তবে বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি।
ওই অনুষ্ঠানে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে কথা কাটাকটি হয়েছে বলে জানান সজিব।
“এর জেরে ওই শাখার সভাপতি ঐশিকার সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে ঐশিকা আমাকে বের হয়ে যেতে বলেন এবং বহিষ্কারের দাবি জানান,” বলেন সজিব।
সজিব বলেন, “সংগঠনের এক নেত্রীর কথায় যদি আমাকে পদ হারাতে হয়, এর থেকে দুঃখ ও কষ্টের আর কিছু থাকতে পারে না।”
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি তানজিমুল রশিদ বলেন, “মেডিকেলের এক কর্মীর সঙ্গে সজিবের কথা কাটাকাটি হয়েছে বলে জানি; কিন্তু ঐশিকার সঙ্গে সজিবের তর্ক হয়েছে বলে আমার জানা নেই।”
“কারো সুপারিশ বা দাবির কারণে সজিবকে অব্যাহতি দেওয়া হয়নি,” বলেন তানজিমুল।
“পারিবারিক ও ব্যক্তিগত ঝামেলায় থাকায় সজিব নিজেই অব্যাহতি চাইছিলেন। কেউ থাকতে না চাইলে তাকে জোর করে রাখা যায় না তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে,” যোগ করেন তিনি।
কথাকাটির বিষয়ে ঐশিকা সাংবাদিকদের বলেন, “সজিব আমার সঙ্গে দুর্ব্যবহার করে ‘সরি’ পর্যন্ত বলেননি। তবে আমি তাকে বহিষ্কার করতে বলিনি। আমি তা বলব কেন, সজিবই বলেছিলেন তিনি আর ছাত্রলীগ করবেন না,” বলেন ঐশিকা।
