উল্লাপাড়ায় শিশুকে ‘দলবেঁধে ধর্ষণ’, দুই যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক শিশুকে ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে ইসলামপুর দক্ষিণপাড়ায় ধর্ষণের ঘটনা ঘটে বলে উল্লাপাড়া থানার ওসি মো. হুমায়ূন কবির জানান।
মঙ্গলবার আদালতে হাজির করা হলে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
গ্রেপ্তাররা হলেন উপজেলার বালসাবাড়ি ইসলামপুর গ্রামের হাসমত আলীর ছেলে গোলাম হোসেন (২২) ও একই গ্রামের মানিক মিয়ার ছেলে নুর আলম (২৫)।
ওসি হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে ১১ বছর বয়সী মেয়েটি তার দাদার বাড়িতে চাচার বিয়ের অনুষ্ঠান শেষে নিজ বাড়ি ফিরছিল।
“ইসলামপুর দক্ষিণপাড়া তাঁত কারখানার কাছে পৌঁছলে আসামিরা তার মুখ বেঁধে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে।”
এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করেন; তবে তার আগে ওই যুবকরা পালিয়ে যায় বলে ওসি জানান।
তিনি আরও বলেন, এ ঘটনায় রাতে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় দুইজনের বিরুদ্ধে মামলা করেন। এরপর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মেয়েটিকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বলেন ওসি।
