নোয়াখালীর টিউবওয়েলে ‘এমনিতেই উঠছে পানি, গ্যাস’
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক টিউবওয়েল থেকে বিরামহীন পানি উঠছে; পানির পাশে স্পার্ক করলে জ্বলছে আগুন।
উপজেলার চর এলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পশ্চিম চরযাত্রা গ্রামে আব্দুল জব্বারের বাড়ির টিউবওয়েলে রোববার বিকেল থেকে এমন দেখা যাচ্ছে বলে সেখানকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য কামাল উদ্দিন জানান।
তিনি বলেন, কয়েক বছর আগে টিউবওয়েলটি বসানো হলেও দীর্ঘদিন ব্যবহার করা হয়নি। রোববার বিকেলে টিউবওয়েটি সচল করার চেষ্টা হয়। কিন্তু পানি ওঠানো যায়নি। তার কিছুক্ষণ পর টিউবওয়েল দিয়ে আপনা-আপনি পানি বের হতে শুরু করে। একই সঙ্গে পানির পাশে দেশলাই জ্বালালে আগুন জ্বলছে।
পরে খবর পেয়ে প্রশাসনের লোকজন দেখতে যান।
কোম্পানীগঞ্জের ইউএনও মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, “এমনিতেই পানি-গ্যাস বের হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যাবে মূলত কী কারণে এটা হচ্ছে।”
