রাজশাহীতে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যুতে ভবন মালিক গ্রেপ্তার
রাজশাহী নগরীর ছোটবনগ্রাম বিমানচত্বর এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শ্রমিক নিহতের ঘটনায় মামলা হয়েছে। সেই মামলায় বাড়ির মালিককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
নিহতের বাবা মাহাতাব আলী চন্দ্রিমা থানায় এন্তাজ আলীকে আসামি করে শনিবার রাতে মামলাটি দায়ের করেন বলে থানার ওসি ইমরান হোসেন জানান।
পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাতেই মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, ফার্নিচার ব্যবসায়ী এন্তাজ পুরাতন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি ভেঙে সাততলা ভবন নির্মাণের কাজ শুরু করেন। নিরাপত্তার কোনো ব্যবস্থা ছাড়াই নির্মাণ শ্রমিকদের কাজে লাগানোয় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এর আগে এন্তাজ আলী অসুস্থ্ হয়ে হাসপাতালে ভর্তি হলে পুলিশ হেফাজতেই তার চিকিৎসা চলছিল।
শনিবার বিকালে নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীর ধসে পাঁচ শ্রমিক চাপা পড়লে রিয়াজুল ইসলাম (৩৫) নিহত হন।
আহত অবস্থায় এনামুল হক (৩৫), পিলীপ (৪৩), কাজেম আলী (২৭) ও মনজুর আলম (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
