২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দেয়াল ধসে নির্মাণশ্রমিক নিহত, আহত ৪

রাজশাহী নগরীতে দেয়াল ধসে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2022, 05:34 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

শনিবার দুপুর ৩টার দিকে ছোটবনগ্রাম বিমান চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেন জানান।

নিহত শ্রমিকের নাম রিয়াজুল ইসলাম বলে জানা গেছে।

এ ঘটনায় আহতদের মধ্যে গোদাগাড়ী উপজেলার বালিয়া গ্রামের শ্রমিক দিলীপ (৪৩), মনজুর আলম (৩৫) ও কাজেম আলী (২৭) এবং নগরীর হেতেম খাঁ এলাকার এনামুল হক (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত দুদিন ধরে শ্রমিকরা এনতাজ আলীর বাড়ির আরসিসি পিলার নির্মাণের কাজ করছিল। কাজ চলা অবস্থায় হঠাৎ পাশের দেয়াল ধসে পড়ে। সেখান থেকে পাঁচজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তখন চিকিৎসক রিয়াজুলকে মৃত ঘোষণা করেন।

নির্মাণশ্রমিক রাজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোট ১৭ জন শ্রমিক কাজ করছিলাম। এর মধ্যে নয়জন একই জায়গায় কাজ করা অবস্থায় দেয়াল ধসে পড়ে। সেখানে আমিও ছিলাম। অন্যদের কী হয়েছে জানি না।”

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি টিম উদ্ধারকাজ শুরু করে। সেখান থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কাজ চলমান আছে। নিচে কেউ আছে কিনা দেখার জন্য।”