২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে আ. লীগ নেতা হাবীবুর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা হাবীবুর রহমান ও তার ভাই মনির হোসেন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2022, 02:55 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন জানান, ঢাকার জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ২টা ৩০ মিনিটে শহীদুল ইসলাম কোতোয়ালের মৃত্যু হয়।

শহীদুল শরীয়তপুর পৌর এলাকার হুগলি গ্রামের মৃত আবুল কাশেম কোতোয়ালের ছেলে।

পুলিশ জানায়, ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে শহীদুল শরীয়তপুর জেলা কারাগারে বন্দী ছিল। ২০২১ সালের ২১ মার্চ তার ফাঁসির আদেশ হলে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়।

ওসি বলেন, কয়েকদিন আগে শহীদুল অসুস্থ হয়ে পড়লে তাকে বিভাগীয় কারা হাসপতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউড হাসপাতালে পাঠানো হয়।ময়নাতদন্ত শেষে শহীদুলের তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংসদ নির্বাচনের উত্তেজনার মধ্যে ২০০১ সালের ৫ অক্টোবর শরীয়তপুরের জেলা জজ আদালতের সাবেক পিপি হাবীবুর রহমান এবং তার ভাই মনির হোসেনকে গুলি করে হত্যা করা হয়।

ওই নির্বাচনে পালং-জাজিরা এলাকা নিয়ে গঠিত শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন জাজিরা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোবারক আলী সিকদার। আর স্বতন্ত্র প্রার্থী ছিলেন কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব। আওরঙ্গজেবের পক্ষে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ।

শরীয়তপুরে আ. লীগ নেতা হাবীবুর ও ভাইকে হত্যায় ছয়জনের ফাঁসির রায়  

তবে পহেলা অক্টোবর নির্বাচনের দিন সংঘর্ষের কারণে ১২টি কেন্দ্রের ভোট স্থগিত হয়ে যায়। এ নিয়ে ৫ অক্টোবর শহরের পালং উত্তর বাজার এলাকায় হাবীবুর রহমানের বাসভবনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে একটি সভা চলছিল। সেখানে হামলায় হাবীবুর এবং তার ভাই মনির গুলিবিদ্ধ হয়ে মারা যান।

হাবীবুর ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার ভাই মনির হোসেন ছিলেন পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

ওই হত্যাকাণ্ডের পর হাবীবুরের স্ত্রী জিন্নাত রহমান বাদী হয়ে সাবেক সাংসদ আওরঙ্গজেবসহ ৫৫ জনকে আসামি করে এ হত্যা মামলা করেন।

দুই দশক পরে শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইন আলোচিত এ হত্যা মামলার রায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এছাড়া মামলার জীবিত ৫২ আসমির মধ্যে তিনজনকে দুই বছর করে কারাদণ্ড এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় ৩৯ জনকে খালাস দেওয়া হয়।

মৃত্যুদণ্ড পাওয়া বাকি আসামিরা হলেন- শাহিন কোতোয়াল, শফিক কোতোয়াল, শহীদ তালুকদার, মো. মজিবুর রহমান তালুকদার এবং মো. সলেমান সরদার।

আসামিদের মধ্যে দুই বছর করে কারাদণ্ড হয়েছে মণ্টু তালুকদার, আসলাম সর্দার ও জাকির হোসেন মঞ্জুর।