তেলের দাম নিয়ে ধৈর্য রাখার আহ্বান আইনমন্ত্রীর
সরকারের পদক্ষেপে দেশে দ্রুত সময়ের মধ্যে তেলের দাম কমে আসবে আশা প্রকাশ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মন্ত্রী বলেন, “গত ৪০ বছরে সারাবিশ্বে ভোজ্য তেলের দাম যে পরিমাণ বাড়েনি সম্প্রতি তারচেয়ে অনেক বেশি বেড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে।
“সরকার ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমার মনে হয় দ্রুত সময়ের মধ্যে তেলের দাম কিছুটা কমে আসবে।”
তিনি এ জন্য জনগণকে ধৈর্য ধারণেরও আহ্বান জানান।
এ সময় মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদের নির্বাচনের ব্যাপারে আনিসুল হক বলেন, “নতুন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। আমার বিশ্বাস তাদের প্রথম কাজ হিসেবে শীঘ্রই জেলা পরিষদের নির্বাচন দেবে।”
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী, সদস্য মো. শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া ও কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
