জেব্রার মত্যু: সাফারি পার্কের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রার মৃত্যুর ঘটনায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় মামলাটি দায়ের করেন সাফারি পার্কের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
আসামি হলেন পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান। মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি, কর্তব্যে অবহেলা ও প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়। ওই ঘটনার পর তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সময়ে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যু হয়েছে যা উক্ত পার্কের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথসময়ে অবহিত করেননি এবং জরুরিভিত্তিতে মেডিকেল বোর্ডের সভা আহ্বানের ব্যবস্থা গ্রহণ কিংবা থানায় জিডি করেননি।
তিনটি মৃত জেব্রার পেট কাটা এবং নাড়িভুঁড়ি বেরিয়ে থাকতে দেখা যায়।
এই তিনটি মৃত জেব্রার পেট কাটার বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানের দেওয়া বক্তব্য গ্রহণযোগ্য হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়।
এই ঘটনায় রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।
মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, ক্ষতি হিসেবে প্রতিটি জেব্রার মূল্য ১০ লাখ টাকা করে ১১টি জেব্রার মৃত্যুর কারণে রাষ্ট্রীয় ১ কোটি ১০ লাখ টাকা সমপরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও বণ্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে এবং অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করা হয়েছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়।
তদন্ত করে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে প্রাণিকল্যাণ আইন, ২০১৯ এর ধারা ৬ (ছয়) এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়।
জানুয়ারি মাসে সাফারি পার্কে ১১টি জেব্রা, একটি বাঘ এবং একটি সিংহ মারা যায়। একসঙ্গে এত প্রাণীর মৃত্যুতে পার্কের শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
এরপর প্রাণীগুলোর মৃত্যুর কারণ উদ্ঘাটন, কর্মকর্তা ও কর্মচারীদের গাফিলতি খতিয়ে দেখতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এই তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে এই মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে ফৌজদারি ও বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়।
