সাফারি পার্কে প্রাণীর মৃত্যু: তদন্ত কমিটির পরামর্শে তিন বিশেষজ্ঞ
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সহায়তায় তিন বিশেষজ্ঞ কর্মকর্তাকে পরামর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ চক্রবর্তী বৃহস্পতিবার একথা জানান।
এ তিন কর্মকর্তা হলেন কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. শফিউল আহাদ সরকার, ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে কর্মরত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকেশ চন্দ্র বৈদ্য ও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় কর্মরত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হুদা।
অমিতাভ চক্রবর্তী বলেন, তারা কোনো তদন্ত কমিটির সদস্য নন। তবে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির কাজের সহায়তা এবং পার্কের পশুদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কেবল পরামর্শ দেবেন।
পরিবেশ, বন ও জলবায় মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে তিনি জানান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান সঞ্জয় কুমার ভৌমিক বলেন, “আমাদের অনুরোধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ১ ফেব্রুয়ারি ওই তিন কর্মকর্তার নামের তালিকা আমাদেরকে পাঠিয়েছেন। ইতোমধ্যে তারা আমাদের তদন্ত কাজে সহযোগিতা করছেন।”
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত ২ জানুয়ারি ২৫ জানুয়ারি পর্যন্ত নয়টি এবং ২৯ জানুয়ারি আরও ২টি জেব্রা মারা যায়। এছাড়াও সেখানে একটি বাঘ ও একটি সিংহীরও মৃত্যুর ঘটনা ঘটে।
এ ঘটনায় গত ২৬ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় যাদের ১০ কার্যদিবসের মধ্যে জেব্রার মৃত্যুর কারণ উৎঘাটন ও করণীয় নির্ধারণ করতে বলা হয়।
নির্দিষ্ট সময়ে তদন্ত কাজ শেষ না হওয়ায় এই মেয়াদ আরও ১০ কর্মদিবস বৃদ্ধি করা হয়; এছাড়া তদন্ত কমিটিতে আরও তিন সদস্য যুক্ত করা হয়েছে।
তদন্ত কমিটির নতুন সদস্যরা হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের অধ্যাপক মো. আবু হাদী নূর আলী খান, কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের (সিডিআইএল) প্রধান গোলাম আজম চৌধুরী ও জেলা প্রশাসনের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার।
