সাফারি পার্কের প্রাণীর মৃত্যু: তদন্ত দলের সদস্য বৃদ্ধি
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রাণীর মৃত্যুর ঘটনা তদন্ত কমিটির সদস্য পাঁচ থেকে আট জন করা হয়েছে।
এদিকে তদন্ত কমিটির প্রধান প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও ১০ কার্যদিবস বৃদ্ধির আবেদন করেছেন।
তদন্ত কমিটির সদস্য-সচিব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সম্প্রতি জেব্রাগুলোর মৃত্যুর কারণ উদঘাটনে ২৬ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পরে এই কমিটিতে কেন্দ্রীয় রোগ নির্ণয় ল্যাব (সিডিআইএল)-এ কর্মরত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আজম চৌধুরী, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি ল্যাব প্রধান অধ্যাপক মো. নুর আলী হাদী খান এবং জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) অঞ্জন কুমার সরকারকে কো-অপ্ট করা হয়।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ কমিটির সদস্যরা সাফারি পার্কে ঠিকাদারসহ কয়েকজন কর্মকর্তা/কর্মচারীর বক্তব্য নিয়েছেন। পরে বিকালে তারা গাজীপুর সার্কিট হাউজে মতবিনিময় করেন।
এ সময় কমিটির সদস্য অঞ্জন কুমার সরকার জানান, আগামী শনিবার তারা আবার তদন্তে পার্কে আসবেন।
তদন্ত দলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ জানান, তদন্ত কমিটিকে ২৭ জানুয়ারি থেকে ১০ (দশ) কার্য দিবসের মধ্যে জেব্রাগুলির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, জেব্রাগুলির মৃত্যুর ঘটনায় সাফারি পার্কে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের গাফিলতি পরিলক্ষিত হলে তা চিহ্নিতকরণ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ সংবলিত তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করার জন্য বলা হয়েছে।
পরে কমিটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আরো সদস্যকে কো-অপ্ট করা হয়েছে এবং নির্ধারিত সময়ে তদন্ত সম্পন্ন না হওয়ায় বুধবার মন্ত্রণালয়ে ওই তদন্তের জন্য আরও ১০ দিন সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে বলে তিনি জানান।
গত ২ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ৯ জেব্রা এবং ২৯ তারিখে আরো দুইটিসহ মোট ১১টি জেব্রা মারা গেছে। জেব্রা ছাড়াও সেখানে একটি সিংহী ও একটি বাঘের মৃত্যু হয়েছে। এ কমিটি এসব প্রাণীর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।
