বাগেরহাটে ১৪০ স্কুলছাত্রীকে বাইসাইকেল উপহার
বাগেরহাটে স্কুলগামী ১৪০ জন ছাত্রীকে বাইসাইকেল আর বেকার ৫৬ নারীকে স্বাবলম্বী হতে ৫৬টি সেলাই মেশিন দিয়েছে সদর উপজেলা পরিষদ।
উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার দুপুরে এসব সাইকেল দেওয়া হয়; যেখানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাটের ডিসি মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার এ এম আরিফুল হক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, “মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে দরিদ্র মেধাবী ছাত্রী ও বেকার নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করে উপজেলা পরিষদ।
“সেই উদ্যোগের অংশ হিসেবে ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৪০ ছাত্রীকে সাইকেল দেওয়ার জন্য মনোনীত করা হয়। আর বেকার নারীদের বাছাই করতে আবেদন নেওয়া হয়েছিল।”
নতুন বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।
সাইকেল পাওয়া শিক্ষার্থীরা জানায়, তারা দুই-আড়াই কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে আসা-যাওয়া করে। এতে তাদের কষ্ট হয়। সময়মত ক্লাসে পৌঁছাতে পারে না। তাছাড়া সাইকেল চালানোর আনন্দও আছে বলে তারা জানায়।
